ফাইল ছবি
অনলাইন ডেস্ক : যাত্রাবাড়ী এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এক পরিবারের চারজনকে এলোপাথাড়ি কুপিয়ে আহত করার ঘটনায় দিয়া আক্তার (২০) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে যাত্রাবাড়ী থানার কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—মৌসুমী আক্তার (৩৫), মুয়াজ (১৫) ও জয়া (১২)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে আহতদের নিয়ে আসা বিল্লাল হোসেন জানান, আবু মুসা নামে এক ঠিকাদার নবীউল্লাহর কাছে পাওনা টাকা চাইতে ভোরে তার বাসায় যান। এ সময় দুজনের মধ্যে কথা–কাটাকাটি হলে নবীউল্লাহ আবু মুসাকে কুপিয়ে আহত করেন।
এরপর আবু মুসা ক্ষুব্ধ হয়ে নবীউল্লাহর স্ত্রী মৌসুমী আক্তারকে কুপিয়ে গুরুতর জখম করেন, এতে তার বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় মেয়েকে রক্ষা করতে গেলে দিয়া আক্তারকেও কুপিয়ে জখম করা হয়। পরে পরিবারের অপর সদস্য জয়া ও মুয়াজকেও কুপিয়ে আহত করা হয়।
গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক দিয়াকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজন চিকিৎসাধীন।
এ ঘটনায় আবু মুসাও আহত হন এবং তিনি বর্তমানে পুলিশি পাহারায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।
নিহত দিয়া আক্তার শেখ বোরহান উদ্দিন কলেজের শিক্ষার্থী। উভয় পক্ষের বাড়ি যাত্রাবাড়ীর কাজলা ভাঙ্গা প্রেস এলাকায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।








