ফাইল ছবি
অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাব ও ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে সজীব ভূঁইয়া (৩৩) ওরফে সোর্স বাবুকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। বুধবার দিবাগত রাত ৩টা ২৫ মিনিটে জালকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আজ দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাইম উল হক।
র্যাব জানায়, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি পেনগান, দুই রাউন্ড গুলির খোসা ও ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
অভিযোগ রয়েছে, সজীব নিজেকে কখনো র্যাব-পুলিশের সোর্স, কখনো ডিবি বা র্যাবের কর্মকর্তা পরিচয় দিয়ে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করতেন। চাঁদা না দিলে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকি দিতেন।
এ ছাড়া র্যাব ও পুলিশের সদস্যদের ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণা করতেন। তার সঙ্গে ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ চক্র জড়িত বলে জানিয়েছে র্যাব। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








