ফাইল ছবি
অনলাইন ডেস্ক : বরিশালে শিক্ষার্থীদের মাঝে বিতরণের জন্য দেওয়া বিনা মূল্যের সরকারি পাঠ্যবই বিক্রি করার সময় শিক্ষকসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অষ্টম ও নবম শ্রেণির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিভিন্ন বিষয়ের বই উদ্ধার করা হয়েছে।
শনিবার রাতে নগরীর সদর রোডের অনামি লেনের একটি বই লাইব্রেরির সামনে থেকে বইগুলো উদ্ধার এবং দুজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কর্ণকাঠী অগ্রযাত্রা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলাম (২৪)। তিনি সদর উপজেলার সিংহেরকাঠী এলাকার শহিদুল ইসলামের ছেলে। অপরজন মো. রুবেল খান (৩০), সদর উপজেলার সাহেবেরহাট এলাকাধীন নরকাঠী গ্রামের নুর ইসলাম খানের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক।
বরিশাল কোতয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল জানান, বইগুলো কর্ণকাঠী অগ্রযাত্রা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয় থেকে বিক্রির জন্য আনা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বই বিক্রেতা, বিদ্যালয়ের সহকারী শিক্ষকসহ দুজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া মোট বইয়ের সংখ্যা ৩২৯টি। এগুলো সব ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বই। বইগুলো বহন করা একটি মোটরচালিত ভ্যানগাড়িও জব্দ করা হয়েছে।
জানা গেছে, জব্দ হওয়া বইগুলোর মধ্যে রয়েছে অষ্টম শ্রেণির ৩৯টি ইংরেজি গ্রামার ও কম্পোজিশন, ২৬টি বিজ্ঞান, ১০টি গণিত, ২৯টি বাংলা ও বিশ্ব পরিচিতি, ৪০টি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ৩৯টি সাহিত্য কণিকা, ৪০টি আনন্দ পাঠ, নবম-দশম শ্রেণির ১৬টি তথ্য ও প্রযুক্তি বই, ৩১টি ইসলাম শিক্ষা, ১৩টি ফিন্যান্স ও ব্যাংকিং, ৪৫টি ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন এবং ১০টি ইসলাম শিক্ষা বই।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন-উল ইসলাম জানান, জব্দকৃত সকল বইয়ের ওপরে বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড লেখা রয়েছে। যার ওজন ১৩০ কেজি হবে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








