ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বললেন, দিনের বেলাতেও মানুষ চলাচল করতে ভয় পাচ্ছে। ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করা হচ্ছে। টাকা না দিলে বাড়িতে গিয়ে হুমকি দেওয়া, তুলে নেওয়া, গুম ও খুনের ঘটনা ঘটছে।
আখতার হোসেন বলেছেন, ‘শেখ হাসিনাকে নিয়ে ভারত এক ধরনের নাটক করছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, খুনি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার নাটকই হোক, আশ্রয়দাতা ভারত থেকে শেখ হাসিনাকে বের করে দিক; আর আমরা গিয়ে শেখ হাসিনাকে ভারত থেকে ধরে নিয়ে আসি-পরিস্থিতি যাই হোক না কেন, এই বাংলাদেশে শেখ হাসিনার ভবিষ্যৎ একটাই; ফাঁসির দড়িতে ঝুলে নরকে যাওয়া।’
আজ শনিবার (২৮ নভেম্বর) বিকেলে খুলনার ডাকবাংলা চত্বরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে এবং চলমান বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে ডাকবাংলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শিববাড়ি মোড়ে গিয়ে শেষ হয়।
আখতার হোসেন বলেন, খুলনার মানুষ এসবের প্রতিকার চায়। দেশে আর কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড কিংবা পুলিশ ও প্রশাসনের ওপর হামলা দেখতে চান না তারা। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের ক্ষমতায় থাকার অধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি।
একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী লীগের অপরাধের বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, ঐক্যের কথা বলতে হলে আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে। জুলাই সনদ ও জনগণের রায় বাস্তবায়ন করতে হবে। আওয়ামী লীগের বিচার ছাড়া দেশে সন্ত্রাস বন্ধের কোনো উপায় নেই। বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো আশ্রয় হবে না। জুলাই গণ-অভ্যুত্থানের গণরায় সরকারকে বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ ১৭ বছর ধরে রাজধানী থেকে শুরু করে ওয়ার্ড পর্যায় পর্যন্ত মানুষের ওপর নির্যাতন, নিপীড়ন, খুন, গুম ও দখলদারি চালিয়েছে। বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও এসব নির্যাতনের শিকার হয়েছেন। এসব অপরাধের বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গণশুনানি শুধু জেলা পর্যায়ে সীমাবদ্ধ না রেখে উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও আয়োজন করতে হবে। নির্যাতিত মানুষের বক্তব্য শোনার সুযোগ নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ বর্তমানে নাশকতা ও সহিংসতার মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদে হামলা চালাচ্ছে। আয়নাঘরে মানুষকে বন্দি করা এবং ভোটাধিকার হরণের মতো অপরাধের বিচার নিশ্চিত করতে হবে। জুলাই অভ্যুত্থানে ১ হাজার ৪০০ মানুষকে হত্যা ও হাজার হাজার মানুষকে পঙ্গু করার জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে এনসিপির সদস্যসচিব বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। তবে সেই সম্পর্ক হতে হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে, প্রভু-ভৃত্যের সম্পর্ক নয়। ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশে নাশকতার সুযোগ দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বৌমত্ব রক্ষায় এ দেশের মানুষ ঐক্যবদ্ধ। দেশের এক ইঞ্চি জমিও অন্য কাউকে দখল করতে দেওয়া হবে না।








