ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : দীর্ঘদিনের গুঞ্জন, রহস্য আর কৌতূহলের অবসান ঘটালেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। বিয়ে নিয়ে মুখে কুলুপ এঁটে রাখলেও এবার একগুচ্ছ ছবি প্রকাশ করে নিজেই জানালেন জীবনের নতুন অধ্যায়ের কথা। পাত্রের নাম সিদ্ধার্থ দত্ত। পেশায় তিনি একজন মেরিন ইঞ্জিনিয়ার। বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার কসবার বাড়িতে ঘরোয়া আয়োজনে আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তারা।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা ৪২ মিনিটে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করেন মিমি। মুহূর্তেই ছবিগুলো ছড়িয়ে পড়ে ভক্তদের মধ্যে। শুভেচ্ছা আর ভালোবাসার বার্তায় ভরে ওঠে মন্তব্যের ঘর। পোস্ট প্রকাশের এক ঘণ্টার মধ্যেই প্রায় ৩০ হাজার প্রতিক্রিয়া ও হাজারের বেশি মন্তব্য জমা পড়ে।
প্রকাশিত ছবিতে কখনো দেখা গেছে বিয়ের কাগজে সই করছেন সিদ্ধার্থ, কখনো মিমির আঙুলে আংটি পরিয়ে দিচ্ছেন তিনি। আবার কোনো ছবিতে একে অপরকে জড়িয়ে ধরে নতুন জীবনের আনন্দ ভাগ করে নিচ্ছেন দুজন। সাদা ও সোনালি রঙের সাজে ছিল বিয়ের আয়োজন। সাদা পাঞ্জাবি-পায়জামায় বর সিদ্ধার্থ এবং সোনালি জরির পোশাকে নজর কেড়েছেন মিমি। সবুজ পাথরের অলংকারে অভিনেত্রীর সাজে যোগ হয়েছিল আলাদা আভিজাত্য। ফুলে সাজানো ছোট্ট আয়োজনটিতে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুরা।
কে এই সিদ্ধার্থ দত্ত?
মিমির জীবনসঙ্গী সিদ্ধার্থ দত্ত সরাসরি বিনোদনজগতের সঙ্গে যুক্ত নন। পেশাগতভাবে তিনি একজন মেরিন ইঞ্জিনিয়ার। তবে তার পরিবারের সঙ্গে কলকাতার অভিনয়জগতের সম্পর্ক রয়েছে। সিদ্ধার্থের বড় ভাইয়ের স্ত্রী বাংলা টেলিভিশনের পরিচিত মুখ অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য। এত দিন মিমির সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক থাকলেও নতুন সম্পর্কের সমীকরণে এবার তাঁরা হলেন পরস্পরের আত্মীয়।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে ত্রমিলা জানিয়েছেন, তার নিজের দেওরের সঙ্গেই মিমির বিয়ে হচ্ছে। তাঁদের পরিবারের অনেকেই জাহাজের পেশার সঙ্গে যুক্ত। ত্রমিলার স্বামী জাহাজের ক্যাপ্টেন, আর সিদ্ধার্থ মেরিন ইঞ্জিনিয়ার। বয়সে সিদ্ধার্থ তাঁদের তুলনায় বেশ ছোট।
মিমিকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ত্রমিলা বলেন, অভিনেত্রীকে তিনি খুব কাছ থেকে চেনেন। সিদ্ধার্থের সঙ্গে মিমিকে বেশ মানিয়েছে। বিয়ের প্রস্তুতির দায়িত্বও নিজেদের হাতেই রেখেছিলেন মিমি ও সিদ্ধার্থ। তবে মেয়ের পরীক্ষার কারণে পাহাড়ে অনুষ্ঠেয় মূল বিয়ের আয়োজনে উপস্থিত থাকতে পারবেন না ত্রমিলা।
বিয়ের আমন্ত্রণপত্র ঘিরেই শুরু রহস্য
মিমির বিয়ের খবর অবশ্য একেবারে আচমকা সামনে আসেনি। কয়েক দিন ধরেই টালিউডে তার বিয়ে নিয়ে নানা গুঞ্জন চলছিল। আলোচনার সূত্রপাত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিয়ের আমন্ত্রণপত্র থেকে। সেখানে বর-কনের ছবির পাশাপাশি জায়গা পেয়েছিল তিনটি পোষা কুকুরের ছবি। মিমির পোষ্যপ্রেমের কথা ভক্তদের অজানা নয়। তাঁর বাড়িতেও রয়েছে তিনটি পোষা কুকুর। ফলে আমন্ত্রণপত্রটি অভিনেত্রীর বিয়ের কি না, তা নিয়ে অনুরাগীদের কৌতূহল আরও বেড়ে যায়।
এমনকি একটি অনুষ্ঠানে আমন্ত্রণপত্রটি নিয়ে প্রশ্ন করা হলে বেশ কৌশলেই বিষয়টি এড়িয়ে যান মিমি। নিজের বিয়ের কার্ডে পোষ্যদের ছবি রাখার প্রসঙ্গ শুনে মজার ছলে বলেছিলেন, ‘তাই নাকি? ওহ্! আমি বরং এই ভাবনাটা কাজে লাগাব।’ তখনও নিজের বিয়ের খবর নিশ্চিত করেননি তিনি। অবশেষে বিয়ের ছবি প্রকাশ করে সব রহস্যের পর্দা সরালেন অভিনেত্রী।
পাহাড়ে বসবে মূল বিয়ের আসর
কলকাতায় আইনি বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলেও মিমি ও সিদ্ধার্থের সামাজিক বিয়ের আয়োজন হবে পাহাড়ে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আগামী ৩ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে বিয়ের নানা অনুষ্ঠান। ৩ ডিসেম্বর থাকছে নৈশভোজ, পরদিন মেহেদি ও সংগীতের আয়োজন। আর ৫ ডিসেম্বর মালাবদল, সাতপাক ও সিঁদুরদানের মধ্য দিয়ে সম্পন্ন হবে মূল বিয়ের আনুষ্ঠানিকতা।
সূত্র: আনন্দবাজার








