ছবি সংগৃহীত
শোবিজ ডেস্ক : জনপ্রিয় সেলিব্রিটি টক শো ‘কফি উইথ করণ’-এর সাম্প্রতিক পর্বে হাজির হয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন ভোজপুরি ও বলিউড অভিনেতা রবি কিষাণ। অক্ষয় কুমারের সঙ্গে ওই পর্বে তার উপস্থিতি, রসিকতা এবং জীবনের সংগ্রামের গল্প মুগ্ধ করেছে খোদ বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানকেও। অনুষ্ঠানের ঝলক দেখে নিজেকে রবি কিষাণের ভক্ত হিসেবে ঘোষণা দিয়েছেন ‘বেবো’ খ্যাত এই অভিনেত্রী।
জিও হটস্টারের ‘দ্য পিকক হাব’-এ স্ট্রিমিং হওয়া ‘কফি উইথ করণ’ সিজন ৯-এর সপ্তম পর্বে অক্ষয় কুমারের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবি কিষাণ। সঞ্চালক করণ জোহরের চিরাচরিত তীক্ষ্ণ প্রশ্নের জবাবে রবি এবং অক্ষয়ের খুনসুটি পুরো পর্বজুড়ে দর্শকদের মাতিয়ে রাখে। পর্বটি প্রচারের পর করণ জোহর সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানের কিছু ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘দুর্দান্ত হাস্যরসে ভরপুর এক পর্ব এটি! কফি উইথ করণ সিজন ৯-এর সপ্তম পর্ব এখন শুধুমাত্র জিও হটস্টারের দ্য পিকক হাবে স্ট্রিমিং হচ্ছে।’ করণের সেই পোস্টের মন্তব্যের ঘরে গিয়ে কারিনা কাপুর লেখেন, ‘রবি কিষাণ ফ্যান ব্রো।’
অনুষ্ঠানে রবি কিষাণ তার সেই ভাইরাল ‘হুক স্টেপ’ দিয়ে আবারও সবার নজর কাড়েন। এক পায়ের ওপর আরেক পা ক্রস করে বিশেষ ভঙ্গিতে হাঁটা ও নাচার এই স্টাইলটি তিনি অক্ষয় কুমারকেও শেখান। এর আগে বিভিন্ন জনসমাগমস্থলে রবি কিষাণকে এই নাচটি করতে দেখা গেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ট্রেন্ডিংয়ে রয়েছে।
হাস্যরস ও নাচ-গানের পাশাপাশি অনুষ্ঠানে নিজের জীবনের সংগ্রামের দিনের কিছু আবেগঘন অভিজ্ঞতাও তুলে ধরেন রবি কিষাণ। অভিনয়ের প্রতি ভালোবাসার কারণে শৈশবে বাবার হাতে চামড়ার বেল্ট দিয়ে মার খাওয়ার স্মৃতিচারণ করে তিনি বলেন, আমার বাবা ছিলেন একজন পুরোহিত এবং তার দুধের ব্যবসা ছিল। তিনি চাইতেন আমি যেন সেই ব্যবসায় যোগ দিই অথবা কোনো সরকারি চাকরি করি। কিন্তু আমি তখন শখের বশে থিয়েটার করতাম। একবার রামলীলায় অভিনয়ের সময় আমি শাড়ি পরেছিলাম এবং সেই অভিনয় দেখার পর বাবা আমাকে চামড়ার বেল্ট দিয়ে ভীষণ মারধর করেছিলেন।
বাবার সঙ্গে হওয়া সেই কথোপকথনের স্মৃতি হাতড়ে রবি কিষাণ আরও বলেন, বাবা আমাকে বলেছিলেন, ‘তুমি কি মেয়েদের মতো নাচনেওয়ালি হতে চাও?’ নব্বইয়ের দশকে সিনেমাজগতকে সম্মানজনক পেশা হিসেবে দেখা হতো না। আমি বাবাকে বলেছিলাম, ‘না, বাবা।’ এরপর মা আমাকে সেখান থেকে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন, কারণ বাবা ভেবেছিলেন আমি পরিবারের সম্মান নষ্ট করেছি এবং তিনি আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন।
উল্লেখ্য, ভোজপুরি ও হিন্দি সিনেমার পাশাপাশি বেশ কয়েকটি আঞ্চলিক চলচ্চিত্রশিল্পে দীর্ঘ ও সফল ক্যারিয়ার গড়েছেন রবি কিষাণ। দীর্ঘ এই পথচলায় তিনি ‘তেরে নাম’, ‘ফির হেরা ফেরি’, ‘ওয়েলকাম টু সজ্জনপুর’ এবং ‘লাপাতা লেডিস’-এর মতো অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন।
সূত্র: এনডিটিভি








