ফাইল ছবি
অনলাইন ডেস্ক : এনায়েতপুরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আশরাফ আলী (৫৪) নামের এক কৃষক নিহত হন।
বুধবার রাত ১১টার দিকে এনায়েতপুর থানার দৌলতপুর ইউনিয়নের গোপরেখী সুইচ গেইট এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাত ৩টার দিকে তিনি মারা যান।
এনায়েতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন ঘটনাস্থল থেকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা আশরাফ আলীর শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দ্রুত পালিয়ে যান। পরে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন তারা।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে নিহতের মামা আছের উদ্দিন বলেন, ভাগ্নে আশরাফ এক সময় যমুনা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতো। তার দুই ছেলে ও চার মেয়ে। এক ছেলে ঢাকায় পোশাক শ্রমিক ও আরেক ছেলে বিদেশে শ্রমিক হিসেবে কাজ করে। এতে তারা বেশ ভালোই চলছিল।
তিনি আরও বলেন, ছেলে দুটো বেশ পরিশ্রমী হওয়ায় তাকে আর অন্যেক দুয়ারে যেতে হয়নি। বাড়িতে থেকে পৈতৃক কৃষি জমি চাষাবাদ করতেন। আমার জানা মতে, কারো সঙ্গে ভাগ্নের কোনো বিরোধও ছিল না। তবে, সে শুধু আওয়ামী লীগের একজন সমর্থক ছিল। কখনও কোনো দলের পদও নেয়নি। অথচ তাকে হত্যা করা হলো।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, দুর্বৃত্তদের হাত থেকে বাঁচতে আশরফ আলী দৌড়ে পালানোর চেষ্টা করছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যান। পরে তারা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে রাতেই তার মৃত্যু হয়।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।








