ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : শিল্পাঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন শিল্পাঞ্চলে মোট ৪৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
এরমধ্যে ঢাকার মিরপুর, হেমায়েতপুর, সাভার, আশুলিয়া (ইউনুস কনভেনশন হল, কাঠগড়া, জিরাবো, হামিম গ্রুপ, মিডলার গ্রুপ ও জামগড়া) এলাকায় ২০ প্লাটুন; গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সালনা ও বৈশয়া কুড়িবাড়ি এলাকায় ১৫ প্লাটুন; নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় ৭ প্লাটুন এবং ময়মনসিংহের ভালুকা ও ত্রিশালে ২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।
মোতায়েনকৃত বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শিল্পাঞ্চলের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছে।
মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, তাৎক্ষণিক তথ্য আদান-প্রদান এবং প্রয়োজনীয় কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।








