ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : দিনাজপুরের ঘোড়াঘাটে যৌথ বাহিনীর অভিযানে ১৩০ কেজি ওজনের শিলা, কষ্টিপাথর ও বেলেপাথরের তিনটি খণ্ড উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা এসব খণ্ডের আনুমানিক বাজারমূল্য ৮৫ লাখ টাকা বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. মোমিন ইসলাম (৪৪) নামে একজনকে আটক করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) রাত ১১টার দিকে জয়পুরহাট বিজিবির ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. লতিফুল বারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ হাটসংলগ্ন পীরগঞ্জ-ঘোড়াঘাট সীমান্ত এলাকার চত্রাহাট বাজারের কাছে একটি পরিত্যক্ত টিনের ঘরে পাথরের প্রত্ননিদর্শন মজুতের সন্ধান পাওয়া যায়।
এরপর বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. লতিফুল বারীর নেতৃত্বে ৩০ সদস্যের একটি বিশেষ দল ঘোড়াঘাট থানা পুলিশের সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযানে ওই পরিত্যক্ত ঘর থেকে ৯০ কেজি ওজনের একটি বেলেপাথরের শিলাখণ্ড, ২০ কেজি ওজনের একটি কষ্টিপাথরের খণ্ড এবং ২০ কেজি ওজনের একটি শিবলিঙ্গের খণ্ডাংশ উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা তিনটি খণ্ডের ওজন ১৩০ কেজি। এ সময় ঘটনাস্থল থেকে মো. মোমিন ইসলামকে আটক করা হয়।
আটক মোমিন ইসলাম (৪৪) রংপুরের পীরগঞ্জ উপজেলার কাকুরপাড়া গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আটক ব্যক্তিকে পীরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উদ্ধার করা পাথরের খণ্ডগুলো প্রকৃতপক্ষে প্রত্নতাত্ত্বিক নিদর্শন কি না, তা নিশ্চিত করতে নওগাঁর বদলগাছী উপজেলায় অবস্থিত ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বিশেষজ্ঞ দল উদ্ধার করা খণ্ডগুলো পরীক্ষা-নিরীক্ষা করে শনাক্তকরণের তথ্য সংগ্রহ করবে। এ জন্য প্রয়োজনীয় সনদ সংগ্রহের প্রক্রিয়ায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বিশেষজ্ঞ দলকে অবহিত করা হয়েছে এবং তাঁদের তলব করা হয়েছে।








