ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরের পতেঙ্গায় ব্যবসার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে মো. রামিনকে (২১) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। ঘটনার পাঁচ দিন পর কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার বিষয়টি জানায় এসআরবি। এর আগে রোববার (১৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এসআরবি-৭, চট্টগ্রাম ও এসআরবি-১৫, কক্সবাজারের একটি যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
নিহত রহিম উল্ল্যাহর (৬৩) বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার মাইজদপাড়া গ্রামে। তিনি পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরের পতেঙ্গার বিজয়নগর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। বিজয়নগর ১৪ নম্বর ঘাট এলাকার আক্কাসের মার্কেটের সামনে ভ্যানগাড়িতে কাপড়চোপড়সহ বিভিন্ন মালামাল বিক্রি করতেন।
এসআরবি জানায়, রামিনও তার বাবার কাছ থেকে মালামাল নিয়ে বিভিন্ন স্থানে বিক্রি করতেন। তবে বিক্রির টাকা ঠিকমতো বাবাকে না দিয়ে অপ্রয়োজনে খরচ করতেন। এ নিয়ে বাবা তাকে সতর্ক করলে দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়।
গত ১০ নভেম্বর রাত ৮টার দিকে ব্যবসার টাকা নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রামিন তার বাবাকে মারধর করেন। স্থানীয় লোকজন বিষয়টি মীমাংসা করে দিলে রামিন বাবাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান।
পরে একই দিন রাত ১১টার দিকে বিজয়নগর ১৪ নম্বর ঘাট এলাকার আক্কাসের মার্কেটের সামনে আবারও তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রামিন তার বাবার মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে রহিম উল্ল্যাহ গুরুতর আহত হয়ে অচেতন অবস্থায় মাটিতে পড়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ১১ নভেম্বর পতেঙ্গা মডেল থানায় হত্যা মামলা করেন। মামলার পর পলাতক আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে এসআরবি।
এসআরবির সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, ঘটনার পর থেকেই মামলার প্রধান আসামি রামিনকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত চলছিল। এরই ধারাবাহিকতায় এসআরবি-৭, চট্টগ্রাম ও এসআরবি-১৫, কক্সবাজারের যৌথ আভিযানিক দল কক্সবাজার সদর থানার বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।








