ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন জয় শাহ।
ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড ও কমিটির সভায় পরিচালকদের প্রস্তাবের পর তাঁকে দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান হিসেবে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
আইসিসি জানিয়েছে, জয় শাহর নেতৃত্বের প্রতি বোর্ডের আস্থা এবং ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনায় ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্বজুড়ে ক্রিকেটের সম্প্রসারণ, দর্শকসংখ্যা বৃদ্ধি এবং বাণিজ্যিক উন্নয়নকে সামনে রেখে এগিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।
পুনর্নির্বাচিত হওয়ার পর জয় শাহ বলেন, ‘আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা একই সঙ্গে সম্মানের ও দায়িত্বের বিষয়। বিশ্বজুড়ে ক্রিকেটের স্বার্থ এগিয়ে নিতে সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’
তিনি আরও বলেন, ‘আমরা ক্রিকেটের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর সময়ে প্রবেশ করছি। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ফিরছে ক্রিকেট। এটি নতুন প্রজন্মের খেলোয়াড় ও সমর্থকদের অনুপ্রাণিত করার অসাধারণ সুযোগ তৈরি করবে।’
জয় শাহ বলেন, সফল আয়োজন নিশ্চিত করার মধ্যেই আমাদের দায়িত্ব সীমাবদ্ধ নয়। সমর্থক, খেলোয়াড়, বাণিজ্যিক অংশীদার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজনদের গুরুত্ব দিয়ে ক্রিকেটের আরও শক্তিশালী ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।








