ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দিয়েছে একটি দ্রুতগতির মাইক্রোবাস। এতে মাইক্রোবাসের চালকসহ ৯ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ভেতরে আটকা পড়েন।
শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে শ্রীনগর ফেরিঘাট এলাকায় এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার বলসা গ্রামের রুম্পা খাতুন (৩৫), মিম আক্তার (১৮), খাদিজা আক্তার (১৮), ইতালি প্রবাসী রাসেল মাতব্বর (৩০), সিরাজ মাতব্বর (৭০), রনি মাতব্বর (২৮) ও মেহেদী (৩৫)। এ ছাড়া মাইক্রোবাসচালক মো. ইব্রাহিম (৩৬), ঢাকার খিলগাঁওয়ের গোরান এলাকার বাসিন্দা এবং ময়মনসিংহের আল-আমিন (৩০) আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ইতালি প্রবাসী রাসেল মাতব্বরকে ঢাকার বিমানবন্দর থেকে স্বজনরা রিসিভ করে মাদারীপুরের নিজ বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। পথে দ্রুতগতির কারণে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে চালক গাড়ির ভেতরে আটকা পড়েন।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধুনিক উদ্ধার সরঞ্জাম ব্যবহার করে চালকসহ আহতদের উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম দুর্ঘটনা ও উদ্ধার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।








