ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২২ হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নুরুল্লাপুর এলাকায় মতলব-বাবুরহাট-পেন্নাই সড়কের পাশে আবুল হাশেমের ভাড়া বাসায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাকা।
অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান,সকালে অভিযানের সময় মাদক কারবারি ফারহান রানার বসবাসের ঘরের খাটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া ওই ঘরে থাকা একটি মোটরসাইকেলের ভেতর থেকে আরও ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, অভিযানের বিষয়টি টের পেয়ে মূলহোতা ফারহান রানা পালিয়ে যায়। তাকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। পলাতক ফারহান রানা ও তার সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।








