ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : জ্বালানি তেলের দাম বাড়ার পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৫ টাকা বাড়ানো হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বন্ধন ও উৎসব পরিবহনে ৫৫ টাকার পরিবর্তে ৬০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। অন্যান্য পরিবহনেও ভাড়া বাড়ার সম্ভাবনা রয়েছে।
যাত্রীরা জানান, মঙ্গলবার সকালে কাউন্টারে গিয়ে নতুন ভাড়া নেওয়ার বিষয়টি জানতে পারেন তারা। নিয়মিত এ পথে যাতায়াতকারী আল আমিন বলেন, ‘প্রতিদিন অফিসের কাজে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে যাতায়াত করি। অন্যদিন ৫৫ টাকা ভাড়া দিয়ে ঢাকা যাই। মঙ্গলবার সকালে কাউন্টারে এসে দেখি ৬০ টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে। কাউন্টারের লোকজন বলছে, তেলের দাম বাড়ার কারণে ভাড়া বাড়ানো হয়েছে।’
বন্ধন পরিবহনের পরিচালক সাখাওয়াত ইসলাম রানা দাবি করেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে বাসভাড়া বাড়ানো স্বাভাবিক। তবে যাত্রীদের সুবিধার বিষয়টি বিবেচনা করে প্রয়োজন অনুযায়ীই ভাড়া বাড়ানো হয়েছে। অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না।
নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফী বিন কবির জানান, বাসভাড়া বাড়ানোর বিষয়টি তিনি গণমাধ্যমের মাধ্যমে জেনেছেন। জ্বালানি তেলের দাম বাড়ার কারণে ভাড়া বাড়ানো হয়ে থাকতে পারে। বিষয়টি খোঁজ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।








