ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান অগ্রগতি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নূরুল ইসলামের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।
নূরুল ইসলামের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। খুন, ছিনতাই, অপহরণ বা অন্যান্য যেকোনো ধরনের অপরাধ দমন বাংলাদেশ পুলিশ তৎপরতা জোরদার করেছে। জুলাই বিপ্লব পরবর্তী ভঙ্গুর দশা থেকে পুলিশের মনোবল ফিরিয়ে এনে পূর্ণ শক্তিতে কাজ করার উপযোগী করা হচ্ছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান অগ্রগতি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নয়নে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী জনগণের সার্বিক সহায়তায় দ্রুততম সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো দৃশ্যমান অগ্রগতি হবে বলে আশা করা যায়।
গাইবান্ধা-৫ আসনের মো. আব্দুল ওয়ারেছের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, বিডিআর বিদ্রোহ ও নৃশংস হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে ৬ হাজার ২৮৬ জনকে চাকরিচূত ও ২ হাজার ৫১০ জনকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করেই দোষীদের শাস্তি প্রদান করা হয়েছে। কোনো নিরপরাধ বিডিআর সদস্যকে চাকুরিচ্যুত করা হয়নি বিধায় চাকুরিচ্যুতদের পুনর্বহালের সুযোগ নেই। হত্যা ও বিষ্ফোরক মামলার আসামীভুক্ত চাকুরিচ্যুত বিডিআর সদস্যদেরও পুনর্বহালের সুযোগ নেই বলে মন্ত্রী উল্লেখ করেন।








