ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) একটি প্রতিনিধিদল।
বঙ্গভবনে আজ বৃহস্পতিবার দুপুরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে রাষ্ট্রপতির প্রেস উইং থেকে জানানো হয়েছে। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, বিগত আমলের রেখে যাওয়া ভঙ্গুর শিক্ষাব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে। তিনি উল্লেখ করেন, নানা ধরনের শিক্ষাব্যবস্থাকে একত্রিত করে একটি সমন্বিত শিক্ষাব্যবস্থা চালু করা প্রয়োজন। বিগত ফ্যাসিস্ট আমলে ঢালাওভাবে মানহীন শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন দেওয়ার ফলে অদক্ষ জনশক্তি তৈরি হয়েছে। ভোকেশনাল ও কারিগরি শিক্ষাব্যবস্থার ওপর আরও জোর দিতে হবে। এর মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে জনশক্তি রপ্তানি এবং আরও বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।রাষ্ট্রপতি জোর দিয়ে বলেন, দেশের সাহিত্য, কৃষ্টি, সংস্কৃতি, কর্মসংস্থান ও প্রয়োজন- সবকিছু বিবেচনায় নিয়ে শিক্ষা ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে।
সাক্ষাৎকালে প্রতিনিধি দল দেশের উচ্চশিক্ষার সার্বিক উন্নয়ন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বর্তমান অবস্থা, দক্ষ মানবসম্পদ গঠন এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অবদানের বিষয় রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।








