ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : বিনোদন ডেস্ক :এক ছাদের নিচে টানা আট বছরের বসবাস। দীর্ঘ এই লিভ-ইন সম্পর্কের পথ ধরে ঘরে এসেছে দুই সন্তানও। এবার এই সংসারকে নতুন করে রূপ দিলেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। প্রেমিকা থেকে স্ত্রী বনে যাওয়া সেই নারী একজন মডেল, নাম গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস। তবে বলিপাড়ার চেনা গ্ল্যামার আর ঢাকঢোল পিটিয়ে নয়, গ্যাব্রিয়েলার সঙ্গে এই অভিনেতা শুভ কাজটা সেরেছেন একেবারেই চুপিসারে।
ভারতীয় সংবাদমাধ্যম গুলো বলছে, ভারতের গোয়ার বারদেজ সাব-রেজিস্ট্রার অফিসে গোপনে তাদের রেজিস্ট্রি বিয়ে সম্পন্ন হয়েছে।
২০১৮ সাল থেকে, অর্থাৎ দীর্ঘ প্রায় আট বছর ধরে একসঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন এই জুটি। অর্জুন ও গ্যাব্রিয়েলার এই দীর্ঘ পথচলায় দুটি সন্তানও রয়েছে। ২০১৯ সালে তাদের প্রথম পুত্রসন্তান আরিক এবং ২০২৩ সালে দ্বিতীয় পুত্রসন্তান আরাভ জন্মগ্রহণ করে।
এর আগে গত বছর অভিনেত্রী রিয়া চক্রবর্তীর এক পডকাস্টে উপস্থিত হয়ে অর্জুন তাদের বাগদানের কথা প্রকাশ্যে আনলেও বিয়ের বিষয়টি শেষ পর্যন্ত আড়ালেই রেখেছিলেন। তবে রেজিস্ট্রি বিয়ের কোনো ছবি বা আনুষ্ঠানিক তথ্য এখনো নিজেদের সামাজিক মাধ্যমে প্রকাশ করেননি এই দম্পতি।
এছাড়াও তার বন্ধুদের সূত্রে জানা গেছে, ২০১৮ সালে প্রথম দেখা হয়েছিল অর্জুন ও গ্যাব্রিয়েলার। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে দেখাসাক্ষাৎ থেকে প্রথমে বন্ধুত্ব এবং পরবর্তীতে তা প্রেমে রূপ নেয়। এদিকে গ্যাব্রিয়েলা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাদের চমৎকার অভ্যন্তরীণ বোঝাপড়া থেকেই সম্পর্কের গভীরতা তৈরি হয়।
উল্লেখ্য, এটি অর্জুন রামপালের দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি সাবেক মডেল মেহের জেসিয়াকে বিয়ে করেছিলেন। দীর্ঘ দুই দশকের দাম্পত্য সম্পর্কের পর ২০১৮ সালে তারা আলাদা থাকার সিদ্ধান্ত নেন এবং ২০১৯ সালে তাদের আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ ঘটে। প্রথম পক্ষের সংসারে অর্জুনের মাহিকা ও মাইরা নামে দুটি কন্যাসন্তান রয়েছে।








