ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) এক কমান্ডারসহ দুজনকে গ্রেফতার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সদস্যরা। বুধবার রাত ৯টার দিকে উখিয়ার ৬ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবির এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- মোহাম্মদ আলম ওরফে মুছা (৪০) ও তার সহযোগী আব্দুল হাফেজ (২২)।
রোহিঙ্গা ক্যাম্প আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমিন তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
এপিবিএন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে তারা পারেন, আরসার কমান্ডার মোহাম্মদ আলম ওরফে মুছা ও তার সহযোগী আব্দুল হাফেজ ৬ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবির এলাকায় অবস্থান করছেন। এসময় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আরসার সশস্ত্র সংগঠনের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন।
সূত্রটি আরও জানায়, মোহাম্মদ আলম ওরফে মুছা উখিয়া থানার একটি হত্যা মামলার এজাহারভুক্ত ২৯ নম্বর আসামি। তার বিরুদ্ধে উখিয়া থানায় হত্যা, মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাদের দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।








