ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উপজেলা শাখার আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফকে (৪০) কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে শরিফুল ইসলাম শরীফের প্রাইভেটকারের গতিরোধ করে তার উপর হামলা চালানো হয়। বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর কিন্ডারগার্টেনের সামনে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শরীফ জয়নগর শিমুলতলা এলাকা থেকে প্রাইভেটকারে করে নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে জয়নগর কিন্ডারগার্টেনের সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে তার গাড়ির গতিরোধ করে। পরে তাকে গাড়ি থেকে বের করে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়, গলা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপানো হয়।
শরীফের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠান। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শরীফের ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করে ঈশ্বরদী থানায় নিয়ে যায়।
ঘটনার প্রতিবাদ জানিয়ে উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক এনামুল হক বলেন, ‘পৈশাচিক এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা দ্রুত তদন্ত করে অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
তবে নাম প্রকাশ না করার শর্তে বিএনপির কয়েকজন নেতা দাবি করেন, ঈশ্বরদীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে। আহত শরীফের স্ত্রী লিজা খাতুন হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








