ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : কক্সবাজারে ৫০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাব। আজ র্যাব-১৫-এর সহকারী পরিচালক আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন- টেকনাফের হোয়াইক্যং মাঝেরপাড়া এলাকার জামাল মোস্তফার ছেলে নুরুল ইসলাম (২৩) এবং উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকের বাসিন্দা রাফিয়া বেগম (২৮)।
র্যাব সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় র্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি আভিযানিক দল বুধবার দিবাগত রাতে উখিয়া থানাধীন বালুখালী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট চেকপোস্ট (উখিয়া ঘাট) সংলগ্ন পাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় তল্লাশিকালে একটি সিএনজিচালিত অটোরিকশার পেছনের সিটে থাকা দুই যাত্রীর কাছে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে নুরুল ইসলাম ও রাফিয়া বেগমকে আটক করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য অবৈধভাবে পরিবহন ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সংস্থাটি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে উদ্ধার করা ফেনসিডিলসহ তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়।








