ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : কানাডা সরকার আসন্ন ফিফা বিশ্বকাপের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ দেবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির জননিরাপত্তা মন্ত্রী।
বুধবার (২৯ এপ্রিল) টরন্টোতে এক সংবাদ সম্মেলনে জননিরাপত্তা মন্ত্রী গ্যারি আনন্দসাঙ্গারি বলেন, ‘এই অর্থ প্রদেশ ও স্থানীয় প্রশাসনকে সহায়তা করবে। যাতে মানুষ নিরাপদে টুর্নামেন্ট উপভোগ করতে পারে এবং আইনশৃঙ্খলা বাহিনী একটি নিরাপদ ও সুশৃঙ্খল ইভেন্ট নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সম্পদ পায়।’
এই বরাদ্দের মধ্যে টরন্টোর জন্য প্রায় ৪৫ মিলিয়ন ডলার এবং ভ্যাঙ্কুভারের জন্য ১০০ মিলিয়ন ডলার রাখা হয়েছে।
এই বিনিয়োগটি এর আগে কানাডার আয়োজক শহরগুলোর জন্য ফেডারেল সরকারের দেওয়া ২২০ মিলিয়ন ডলারের অতিরিক্ত। এছাড়া টুর্নামেন্ট আয়োজনের জন্য অটোয়ায় আগে সর্বোচ্চ ৩২০ মিলিয়ন ডলার বরাদ্দ দেয়া হয়েছিল।
১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের মোট ১৩টি ম্যাচ কানাডার টরন্টো ও ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করছে কানাডা।








