ফাইল ছবি
অনলাইন ডেস্ক : পটুয়াখালীর বাউফলে পানি নিষ্কাশনের পাইপ স্থাপনের টাকা চাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মারামারিতে রবি হাওলাদার (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আজ সকাল সাড়ে ৯টায় উপজেলার কালাইয়া বন্দরের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে কালাইয়া লঞ্চঘাট এলাকার বাসিন্দা রবি হাওলাদার পানি নিষ্কাশনের পাইপের টাকা চাইতে প্রতিবেশী আনন্দ বেপারীর কাছে যান। এ সময় আনন্দ টাকা দিতে অস্বীকৃতি জানালে দুই পক্ষ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে আনন্দের ছেলে রতন বেপারীর হামলায় গুরুতর আহত হন রবি হাওলাদার। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান এই কর্মকর্তা।








