ফাইল ছবি
অনলাইন ডেস্ক : বাগেরহাটের শরণখোলা উপজেলায় হামলায় আরিফুল ইসলাম (৩২) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছে। অভিযোগ উঠেছে রবিবার দিবাগত রাত ১১টার দিকে শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের মডেল বাজারে জামায়াত কর্মীরা এই হামলার ঘটনা ঘটিয়েছে।
নিহত আরিফুল ইসলাম (৩২) শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আব্দুল মজিদ হাওলাদারের ছেলে ও সাউথখালী ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি। এই হত্যাকাণ্ডের পর শরণখোলা উপজেলাজুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত জামায়াতের ৪ কর্মীকে আটক করেছে। তবে, পুলিশ আটককৃত জামায়াত কর্মীদের নাম পরিচয় জানায়নি।
শরণখোলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাঈম ইসলাম ছাত্রদল নেতা আরিফুল ইসলামের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
শরণখোলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেন মিলন জানান, জামায়াতে ইসলামীর কর্মীরা ছাত্রদল নেতা আরিফুল ইসলামকে ঘরের মধ্যে আটকিয়ে নির্মম ভাবে পিটিয়েছে। আহত অবস্থায় আরিফকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিনুল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতাল থেকে নিহত ছাত্রদল নেতা মরদেহ উদ্ধার করেছে। ঘটনার সাথে জড়িত ৪ জন জামায়াত কর্মীকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।








