ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি খুবই ভালো। প্রায় প্রতিটি কেন্দ্রেই সিসি ক্যামেরা, ড্রোনের ব্যবস্থা আছে। মোটামুটি দেখলাম প্রস্তুতি খুবই ভালো। যেসব কেন্দ্রে বাউন্ডারি ওয়াল নাই, সেসব স্থানে বাঁশ দিয়ে বাউন্ডারির ব্যবস্থাও হয়ে যাবে। আমি আশা করতেছি এখানকার নির্বাচনটা খুবই উৎসবমুখর হবে। এবং ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন হবে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা বলেন। ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ( (প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক) লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) আব্দুল হাফিজ, আইজিপি বাহারুল আল, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী; মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের মহাপরিচালক, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহিদুর রহমান, স্বরাষ্ট্র উপদেষ্টার একান্ত সচিব মুহাম্মাদ মাহবুব আলম, উপপ্রধান তথ্য অফিসার (পরিচালক), ফরিদপুর জেলা প্রশাসক কামরুল ইসলাম মোল্যা সহ রাজবাড়ি, মাদারীপুর, গোপালগঞ্জ ও শরিয়তপুর জেলা প্রশাসক ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শুধু আমাদের প্রশাসন না, আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন এজন্য। আপনারা সবসময়েই সহযোগিতা করে এসেছেন। এখন আরো বেশি সহযোগিতা করবেন। যাতে নির্বাচনটা সুষ্ঠ ও সুন্দরভাবে হয়ে যায়। তিনি বলেন, এইখানে কোন ধরনের শঙ্কা নাই। এইবারের মতো যেই পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ করা হয়েছে, ইতিহাসে এমন আর আগে কখনো দেখাতে পারবেন না। আগের অন্যান্য নির্বাচনগুলো যেমন সহিংসতা হতো, এবার কিন্তু তেমন দেখাতে পারবেন না। আশা করবো সামনেও হবে না। এজন্য চেষ্টা করতে হবে এবং দোয়া করতে হবে। স্পেশালি সশস্ত্র বাহিনী গ্রামেগঞ্জে যেতে পারতো না। এবার আমাদের সিনিয়র সচিব ওটার একটা ভালো ব্যবস্থা করে দিছেন। তারা প্রত্যন্ত এলাকাতেও যেতে পারছেন।
তিনি বলেন, যদি কোন ধরনের সমস্যা হয়, তাহলে দেখবেন তখন কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়। ওই ধরনের প্রস্তুতি নিয়েই কিন্তু এইখানে আলাপ হয়েছে। নির্বাচিত সরকার আপনাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বায়িত্ব দিলে আপনি সম্মত হবেন কিনা? এই প্রশ্নের জবাবে তিনি হেঁসে উঠে বলেন, এটা আমি আপনাকে দিয়ে দিবো!








