ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : শৈশব মানেই দুরন্তপনা, খেলাধুলা আর রঙিন স্বপ্নে বিভোর থাকা। কিন্তু সব শিশুর শৈশব এক রকম নয়।
কারো কাছে বা একটি খেলনা, একজোড়া শীতের পোশাক কিংবা একটি গল্পের বইও হয়ে উঠতে পারে অনেক বড় আনন্দের উপলক্ষ। এমনই কিছু শিশুর মুখে হাসি ফোটাতে ভালোবাসা আর উপহারের ডালি নিয়ে পাশে দাঁড়িয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ও বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এমন আয়োজন ঘিরে সুবিধাবঞ্চিত শিশুদের চোখে-মুখে ফুটে ওঠে আনন্দের ঝিলিক। উপহারের চেয়েও বড় হয়ে ওঠে মানুষের প্রতি মানুষের মমতা আর ভালোবাসার বন্ধন।
সুবিধাবঞ্চিত শিশুদের হাসিতে এ যেন মানবিকতার এক নতুন পাঠ শিখল শিক্ষার্থীরা।
গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরার বাউনিয়া পূর্ব পাড়ায় ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশন পরিচালিত ইগনাইট স্কুলে এ আয়োজন করা হয়। সেখানে অধ্যয়নরত ১১০ জন সুবিধাবঞ্চিত শিশুর জন্য নিয়ে যাওয়া হয় এবিজি ও বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের দেওয়া শীতবস্ত্র, খেলনা, গল্পের বই, খাতা, কলম, শিক্ষা উপকরণ, স্কুলব্যাগ, মোজা, চকোলেটসহ নানা উপহারসামগ্রী। উপহার হাতে পেয়ে পুরো আয়োজন ঘিরে শিশুদের উচ্ছ্বাস ছিল বাঁধভাঙা।
উপহারের চেয়েও বড় ভালোবাসা : শিশুদের জন্য আয়োজনটি শুধু উপহার পাওয়ার দিন নয়, বরং ছিল সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়ে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার দিনও। শিক্ষার্থীরা যেতে না পারলেও বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে সময় কাটান, তাদের খোঁজখবর নেন। সামান্য উপহার আর আন্তরিকতায় শিশুদের মুখে ফুটে ওঠা হাসিই হয়ে ওঠে পুরো আয়োজনের সবচেয়ে বড় প্রাপ্তি।
এবিজির ভাইস চেয়ারম্যান ও বসুন্ধরা গ্রুপের পরিচালক সাবরিনা সোবহানের পৃষ্ঠপোষকতায় এ মানবিক কার্যক্রমের আয়োজন করা হয়। আয়োজকদের ভাষ্য, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা আহমেদ আকবর সোবহানের মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের অনুপ্রেরণায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ইগনাইট স্কুলে বর্তমানে ১১০ জন সুবিধাবঞ্চিত শিশু বিনা মূল্যে পড়ালেখার সুযোগ পাচ্ছে। তাদের শিক্ষার পাশাপাশি আনন্দময় শৈশব নিশ্চিত করার বিষয়টিও এ আয়োজনের মধ্য দিয়ে গুরুত্ব পেয়েছে।
পাশে দাঁড়ানোর আনন্দ : এমন আয়োজনে অন্য স্কুলের শিক্ষার্থীদের পাশে থাকতে পেরে উচ্ছ্বসিত বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আমায় নূর সাফা বলে, ‘শিশু দিবস উপলক্ষে আমি আমার অন্য স্কুলের বন্ধুদের জন্য বই, ব্যাগ ও পুতুল দিয়েছি, যাতে আমার অন্য স্কুলের বন্ু্লরা খুশি হয়।’ একই ক্লাসের আরেক শিক্ষার্থী ইরতিজা ইরাম রায়না বলে, ‘আমি অন্য স্কুলের বন্ধুদের জন্য গিফট প্যাকেজ করেছি। এতে আমার অনেক ভালো লেগেছে।’
ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশনের অপারেশনস ডিরেক্টর ইশরাত জাহান বলেন, ‘এ ধরনের উদ্যোগ সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আনন্দের পাশাপাশি তাদের প্রতি সমাজের দায়িত্ববোধেরও প্রকাশ। শিশুদের পাশে দাঁড়ানোর এমন কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসনীয়। এ উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা।’
বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক ও আয়োজনের সমন্বয়ক নুসরাত নিগার বলেন, ‘শিক্ষার্থীদের জন্য শিক্ষাসামগ্রীর পাশাপাশি শীতবস্ত্র, খেলনা, গল্পের বই, চকোলেট, মোজা ও স্কুলব্যাগ দেওয়া হয়েছে। বেশি শিক্ষার্থী এবং তাদের পরীক্ষা থাকায় তাদের আনা যায়নি। তাই তাদের প্রতিনিধি হিসেবে আমরা ভালোবাসার নিদর্শন পৌঁছে দিয়েছি।’
নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে নুসরাত নিগার জানান, শিশুদের কাছ থেকে যে আন্তরিক অভ্যর্থনা পেয়েছেন, তা তাঁর কাছে স্মরণীয় হয়ে থাকবে। বসুন্ধরা পাবলিক স্কুলের শিক্ষার্থীরা যদি এখানকার শিশুদের জীবনযাপন, পড়াশোনা ও পরিবেশ কাছ থেকে দেখতে পারত, তাহলে তারা আরো ভালো কিছু করার অনুপ্রেরণা পেত। একই সঙ্গে শিক্ষার প্রকৃত অর্থ, সহমর্মিতা ও মানুষের মধ্যে সেতুবন্ধ তৈরির গুরুত্ব উপলব্ধি করতে পারত।
বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মনসুর রহমান বলেন, ‘সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় কর্তৃপক্ষের এমন উদ্যোগ বাস্তবায়নে থাকতে পেরে ভালো লাগছে। এ ধরনের ইতিবাচক মানবিক কার্যক্রম ভবিষ্যৎ প্রজন্মকে মানবিক মানুষ হিসেবে গড়ে তুলবে বলে আমরা প্রত্যাশা করি।’
মানবিকতার পাঠ শিখছে নতুন প্রজন্ম : বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের বিভিন্ন মানবকল্যাণমূলক কর্মকাণ্ড এবং সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার সুরক্ষায় সহযোগিতার লক্ষ্য থেকে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়েছে। পাশাপাশি আনভীর বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাবরিনা সোবহানের পৃষ্ঠপোষকতায় আমরা এ ধরনের সেবামূলক কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছি।’
তিনি আরো বলেন, ‘এ কার্যক্রমের প্রথম ভেন্যু হিসেবে ইগনাইট স্কুলকে বেছে নেওয়া হয়। পরিচালনা পর্ষদের সহযোগিতায় ভবিষ্যতে নতুন নতুন ভেন্যুতেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের মধ্যে মানবিক মূল্যবোধ, সহমর্মিতা ও অন্যের প্রতি দায়িত্ববোধ তৈরি করাও শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বাস্তব জীবনের সঙ্গে পরিচিত হওয়ার এবং মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তোলার সুযোগ করে দেয়।’
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, একটি উপহার হয়তো সুবিধাবঞ্চিত শিশুদের জীবনের সব সীমাবদ্ধতা দূর করতে পারবে না। বদলে দিতে পারবে না তাদের প্রতিদিনের বাস্তবতা। তবে একজোড়া শীতের পোশাক শীতের সকালে কিছুটা উষ্ণতা দিতে পারে, একটি গল্পের বই খুলে দিতে পারে কল্পনার নতুন জগৎ, আর একটি খাতা-কলম জাগিয়ে তুলতে পারে নতুন স্বপ্ন দেখার সাহস। তার চেয়েও বড় কথা, শিশুদের মনে এই বিশ্বাস তৈরি করতে পারে যে তাদের আনন্দ-বেদনা ভাগ করে নেওয়ার মতো মানুষও রয়েছে। সমাজের অন্য শিশুরাও তাদের কথা ভাবে, তাদের পাশে দাঁড়াতে চায়। এ উদ্যোগের তাৎপর্যও এখানেই। উপহার বিতরণের মধ্য দিয়ে একদিকে যেমন সুবিধাবঞ্চিত শিশুদের আনন্দ দেওয়ার চেষ্টা করা হয়েছে, অন্যদিকে নতুন প্রজন্মের মধ্যে মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার বীজ বপন করা হয়েছে।








