ফাইল ছবি
অনলাইন ডেস্ক : নওগাঁর মান্দা উপজেলায় বাঁশঝাড় থেকে সিয়াম হোসেন (২০) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।
আজ সকালে উপজেলার কালিগ্রাম-দুডাঙ্গী সড়কের পাশে একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সিয়াম উপজেলার চকউমেদ পশ্চিমপাড়া গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিয়াম ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। বৃহস্পতিবার দুপুরে বাড়িতে খাবার খেয়ে ভ্যান নিয়ে বের হন তিনি। এরপর আর বাড়ি ফেরেননি। শুক্রবার সকালে মরানদীর মরাঘাটের সামনে একটি বাঁশঝাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবি, সিয়ামের মাথার পেছনে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার ব্যবহৃত ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল বর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।








