ঢাকা, ১৮ নভেম্বর ২০২৬: বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি দীর্ঘমেয়াদি ব্যথা ব্যবস্থাপনায় ক্লিনিক্যাল প্রয়োগ ও গবেষণার জন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) পেইন ম্যানেজমেন্ট সেন্টারে পাঁচটি পালসড ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড (পিইএমএফ) ডিভাইস হস্তান্তর করেছে।
বুধবার (১৮ নভেম্বর) এক অনুষ্ঠানে বেক্সিমকো ফার্মার সেলস বিভাগের জেনারেল ম্যানেজার নুরুল হক বিএমইউর অধ্যাপক ডা. এ কে এম আখতারুজ্জামানের কাছে ডিভাইসগুলো হস্তান্তর করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বায়োমেডিক্যাল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগের গবেষণার ভিত্তিতে দেশের সামাজিক প্রতিষ্ঠান বাইবিট লিমিটেড (BiBEAT Ltd.) ডিভাইসগুলো তৈরি করেছে। বিএমইউতে এসব ডিভাইসের ক্লিনিক্যাল ব্যবহার ও গবেষণার মাধ্যমে দীর্ঘমেয়াদি ব্যথা উপশমে এর কার্যকারিতা যাচাই করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৭৮ সালে দেশীয় প্রযুক্তিতে পিইএমএফ ডিভাইসের নকশা ও উন্নয়নের কাজ শুরু হয়।
পরবর্তী সময়ে জোড়া না লাগা বা দেরিতে জোড়া লাগা হাড়ের চিকিৎসায় এই প্রযুক্তি ব্যবহার করে উল্লেখযোগ্য সাফল্য পাওয়া যায়। ২০১৯ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাইবিট বিভিন্ন ধরনের শারীরিক ব্যথায় আক্রান্ত কয়েক হাজার রোগীর ক্ষেত্রে ডিভাইসগুলো ব্যবহার করেছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, বিএমইউতে ক্লিনিক্যাল প্রয়োগ ও গবেষণার মাধ্যমে দীর্ঘমেয়াদি ব্যথায় আক্রান্ত রোগীদের জন্য পিইএমএফ প্রযুক্তি একটি বিকল্প চিকিৎসাপদ্ধতি হিসেবে বিবেচিত হওয়ার সুযোগ তৈরি হবে।
পাশাপাশি, এ গবেষণা থেকে পাওয়া তথ্য ভবিষ্যতে এই প্রযুক্তির কার্যকারিতা সম্পর্কে আরও নির্ভরযোগ্য প্রমাণ তৈরিতে সহায়তা করতে পারে।
বিএমইউ’র অ্যানেস্থেসিয়া, অ্যানালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের পেইন মেডিসিন ও রিজিওনাল অ্যানেস্থেসিয়া ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. এ কে এম আখতারুজ্জামান বলেন, ‘আমাদের দেশের অনেক রোগীর জন্যই দীর্ঘমেয়াদি ব্যথা ব্যবস্থাপনা একটি বড় চ্যালেঞ্জ। স্থানীয়ভাবে উদ্ভাবিত পিইএমএফ প্রযুক্তিকে আমাদের ক্লিনিক্যাল ও গবেষণার কাঠামোর সঙ্গে যুক্ত করা নন-ইনভেসিভ চিকিৎসার নতুন
দিগন্ত উন্মোচন করেছে। একটি বড় জনগোষ্ঠীর কল্যাণে কঠোর বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে এই দেশীয় ডিভাইসগুলো যাচাই করার সুযোগ পেয়ে আমরা আনন্দিত।’
ডিভাইস হস্তান্তর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিইএমএফ গবেষণার প্রধান গবেষক ও বর্তমানে বিশ্ববিদ্যালয়টির অনারারি অধ্যাপক এবং বাইবিটের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন অধ্যাপক খোন্দকার সিদ্দিক- ই রব্বানী ও তাঁর গবেষক দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
সামাজিকভাবে দায়বদ্ধ একটি প্রতিষ্ঠান হিসেবে বেক্সিমকো ফার্মা শীর্ষস্থানীয় গবেষক, বিশ্ববিদ্যালয় এবং অলাভজনক সংস্থাগুলোর সাথে অংশীদারিত্বের মাধ্যমে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে বায়োমেডিক্যাল গবেষণার ক্ষেত্রে বিভিন্ন উদ্যোগকে সহায়তা প্রদানের মাধ্যমে কোম্পানিটি মানুষের জীবনে অর্থবহ প্রভাব রেখে আসছে।








