ফাইল ছবি
অনলাইন ডেস্ক : যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুবদল মাঠে নামলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বাড়ি-ঘরে থাকতে পারবেন না। বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয় এবং গণতান্ত্রিক উপায়ে সহনশীলতার সঙ্গে রাজনীতি করছে। তবে আওয়ামী লীগ একটি হাত তুললে যুবদল ১০টি হাত তুলবে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে আজ বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আয়োজিত বিক্ষোভ-পূর্ব সমাবেশে আওয়ামী লীগের উদ্দেশে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
আওয়ামী লীগের প্রতিহিংসামূলক কর্মকাণ্ডের সমালোচনা করে যুবদল সভাপতি বলেন, রাতের আঁধারে চোরের মতো একজন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। যুবদল যদি পাল্টা অগ্নিসংযোগ শুরু করে, তবে আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী নিরাপদে থাকতে পারবেন না।
মুন্না বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয় এবং গণতান্ত্রিক উপায়ে সহনশীলতার সঙ্গে রাজনীতি করছে। তবে আওয়ামী লীগ একটি হাত তুললে যুবদল ১০টি হাত তুলবে।
বিগত সরকারের আমলে গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলমের সন্ধান দাবি এবং খিলগাঁও থানা-ছাত্রদল নেতা জনি হত্যার বিচার চান যুবদল সভাপতি। তিনি বলেন, ১৯৭১ সালে শেখ মুজিবুর রহমান জনগণকে বিপদের মুখে রেখে আত্মসমর্পণ করেছিলেন, আর মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন। একইভাবে শেখ হাসিনাও দেশ ছেড়ে পালিয়েছেন, কিন্তু খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী দেশে থেকেই জনগণের পাশে আছেন।
সমাবেশে যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন বলেন, জনগণের কাছ থেকে শিক্ষা নিয়ে আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা তৈরি হয়নি; বরং তারা চরম সন্ত্রাসের মাধ্যমে দেশের শান্তিপ্রিয় মানুষের ঘুম নষ্ট করছে।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে নয়ন বলেন, গণভবনের দুর্ভেদ্য প্রাচীর, কাঁটাতার কিংবা এসএসএফ বাহিনীর স্বয়ংক্রিয় রাইফেলÑকোনো কিছুই তাঁকে রক্ষা করতে পারেনি।








