ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : ভিসা আবেদনের ক্ষেত্রে সব তথ্য সঠিক ও সত্যভাবে দেওয়ার বিষয়ে আবেদনকারীদের সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। একই সঙ্গে ভিসা সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নিজে নেওয়া অথবা পরিবারের বিশ্বস্ত সদস্য কিংবা বন্ধুর সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সোমবার ঢাকার মার্কিন দূতাবাসের এক বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনে দেওয়া সব তথ্যের যথার্থতা ও সত্যতা নিশ্চিত করার দায়িত্ব সম্পূর্ণ আবেদনকারীর নিজের। তাই এ ক্ষেত্রে অন্য কারও ওপর নির্ভর না করে নিজেই আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করা উচিত।
এ ছাড়া ভিসা সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য তৃতীয় পক্ষের সেবা গ্রহণ এবং এ বাবদ অতিরিক্ত অর্থ পরিশোধ করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।








