ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণ এবং ‘উত্তর-দক্ষিণ করিডোর’-এর বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানোর বিষয়ে আলোচনা করেছেন ইরান, ওমান ও উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা। এ লক্ষ্যে মঙ্গলবার ওমানের রাজধানী মাস্কাটে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজের প্রতিবেদন অনুযায়ী, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ বদর বিন হামাদ আল বুসাইদি এবং উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বখতিয়োর সাইদভ বৈঠকে অংশ নেন। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি বৈঠকের আয়োজন করেন।
বৈঠকে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার, পরিবহন ও ট্রানজিট ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে আন্তঃআঞ্চলিক সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন তিন দেশের মন্ত্রীরা।
এ সময় মধ্য এশিয়া থেকে পারস্য উপসাগর ও ওমান উপসাগর পর্যন্ত বিস্তৃত ‘উত্তর-দক্ষিণ করিডোর’ ব্যবহার করে বাণিজ্যিক আদান-প্রদান বাড়ানোর ক্ষেত্রে তিন দেশের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন তারা।
মন্ত্রীরা বলেন, এই করিডোরের কার্যকর ব্যবহার আঞ্চলিক অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য আঞ্চলিক পরিবহন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণ, সম্পন্ন করা এবং বিদ্যমান ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তারা।
বৈঠকে তিন দেশের মধ্যে অর্থনৈতিক যোগাযোগ ও পরিবহন সংযোগ আরও শক্তিশালী করার মাধ্যমে আঞ্চলিক সহযোগিতার নতুন সম্ভাবনা উন্মোচনের বিষয়েও মতবিনিময় হয়।








