ছবি সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : অবশেষে অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশে (বিবিএল) খেলছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। প্রথমবারের মতো টুর্নামেন্টটিতে খেলবেন ‘দ্য ফিজ’। তাঁকে দলে নিয়েছে মেলবোর্ন রেনেগেডস। মুস্তাফিজকে ঘিরে বাংলাদেশি সমর্থকদের জন্য বিশেষ আয়োজনের ঘোষণাও দিয়েছে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজিটি।
আগামী ১ ও ১৬ জানুয়ারি ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বাংলাদেশি সমর্থকদের জন্য আয়োজন করা হবে বিশেষ ‘দ্য ফিজ বে’। এর মাধ্যমে অস্ট্রেলিয়ায় বসবাসরত ও ভ্রমণকারী বাংলাদেশি সমর্থকদের একসঙ্গে বসে মুস্তাফিজের খেলা উপভোগের সুযোগ করে দিতে চায় রেনেগেডস।
এ আয়োজন উপলক্ষে টিকিটেও থাকছে বিশেষ ছাড়। ‘FIZZBAY’ প্রোমো কোড ব্যবহার করে প্রথম ২০০টি ফ্যামিলি টিকিট কেনার ক্ষেত্রে পাওয়া যাবে ৫০ শতাংশ ছাড়।
মেলবোর্ন রেনেগেডসের জেনারেল ম্যানেজার ম্যাক্স অ্যাবোট বলেন, ‘উদযাপনের অংশ হিসেবে এমসিজিতে একটি নির্দিষ্ট গ্যালারি চালু করতে যাচ্ছি, যার নাম হবে ফিজ বে। এই অংশের প্রথম ২০০টি আসনে পরিবারগুলোর জন্য ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে, যাতে তারা একসঙ্গে খেলা দেখতে আসতে উৎসাহিত হন।’
তিনি আরও বলেন, ‘মেলবোর্ন কিংবা অস্ট্রেলিয়ায় বসবাসরত বা ভ্রমণরত বাংলাদেশি সমর্থকদের জন্য এমসিজিতে একত্রিত হয়ে বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি পেসারকে উদযাপনের এটি দারুণ সুযোগ।’
বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা থাকলেও এত দিন বিগ ব্যাশে খেলা হয়নি মুস্তাফিজের। আইপিএল, পিএসএল, আইএল টি-টোয়েন্টি, এলপিএল ও ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে খেলেছেন তিনি। এবার অস্ট্রেলিয়ার মাটিতেও নিজের কাটার ও স্লোয়ারের জাদু দেখানোর অপেক্ষায় বাংলাদেশের এই পেসার।
মুস্তাফিজকে পেয়ে উচ্ছ্বসিত রেনেগেডসের প্রধান কোচ লুক রনকি। বিশেষ করে পাওয়ারপ্লে ও ইনিংসের শেষ দিকে উইকেট নেওয়ার সামর্থ্যকে দলের বড় শক্তি হিসেবে দেখছেন তিনি।
রনকি বলেন, ‘সারা বিশ্বে টি-টোয়েন্টি ক্রিকেটে মুস্তাফিজুর একজন প্রমাণিত ম্যাচজয়ী বোলার। পাওয়ারপ্লে এবং ডেথ ওভার—উভয় সময়েই উইকেট নেওয়ার যে ক্ষমতা তাঁর আছে, আমাদের বোলিং আক্রমণে ঠিক সেটিই প্রয়োজন ছিল।’
মুস্তাফিজের ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সামর্থ্যের প্রশংসা করে রনকি আরও বলেন, ‘বিগ ব্যাশের দর্শকেরা এমন খেলোয়াড়দের ভালোবাসেন, যাঁরা এক ওভারেই খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন। মুস্তাফিজ ঠিক সেটিই করতে পারেন। তাঁর প্রতিটি বলেই বিশেষ কিছু ঘটার সম্ভাবনা রয়েছে। পুরো গ্রীষ্মজুড়ে তাঁর বোলিং উপভোগ করতে সমর্থকেরা মুখিয়ে থাকবেন।’








