ফাইল ছবি
অনলাইন ডেস্ক : ডেমরায় পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন ঘুষির আঘাতে আহত হয়েছেন।
রবিবার রাত সাড়ে ১০টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার তালেব আলী মসজিদের মাঠে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন জিয়া (১৯), সোহান (১৪), শাকিব (১৯) ও রাহাত (২০)। তাঁদের মধ্যে জিয়া, সোহান ও শাকিব ছুরির আঘাতে আহত হয়েছেন। রাহাতের থুতনির নিচে ঘুষির আঘাত রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বরাতে জানা যায়, রাতে তালেব আলী মসজিদের মাঠে কয়েকজন ব্যাডমিন্টন খেলছিলেন। এ সময় পূর্বশত্রুতার জেরে স্থানীয় পান্নুসহ ১০ থেকে ১৫ জন সেখানে এসে তাঁদের ওপর হামলা চালায়। একপর্যায়ে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় হামলাকারীরা।
পরে স্বজনরা আহতদের উদ্ধার করে রাত ১১টা ১০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তাঁরা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, আহত চারজন জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।








