ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও মাদকসেবীসহ ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার দিনব্যাপী সোনারগাঁ থানার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক মামলায় দুজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার দুজন হলেন, ফেনী সদর এলাকার মো. নাজিম (২১) ও চাঁদপুর সদর এলাকার মো. সানী (৩০)।
এ ছাড়া সন্ত্রাসবিরোধী মামলায় তিনজন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় দুজন, অন্য একটি মামলায় একজন, সিআর সাজা পরোয়ানাভুক্ত একজন এবং মাদকসেবী হিসেবে তিনজনকে গ্রেফতার করা হয়।
সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার তিনজন হলেন, নগর কাঁচপুরের পারভেজ আল গনি (৩৮), জামপুর ইউনিয়নের বস্তল এলাকার বসুদেব বিশ্বাস (৪৬) ও সনমান্দি ইউনিয়নের নীলকান্দা এলাকার খাজা (৪৮)।
ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেফতার দুজন হলেন মহজমপুরের মো. কাজী জুবাইয়ের (২৭) ও পৌর ভবনাথপুরের মো. শাহীন মিয়া (৪৮)। এ ছাড়া নোয়াগাঁও ইউনিয়নের বিষ্ণাদী দক্ষিণপাড়ার মো. শামীম (৩০) এবং সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি হিসেবে বাড়ি মজলিস এলাকার মুকবল হোসেনকে গ্রেফতার করা হয়।
মাদকসেবী হিসেবে গ্রেফতার করা হয়েছে সৎরাইজপুর এলাকার মো. ফারুক মিয়া (২৭), চৌধুরী বারদী এলাকার মো. সুমন (৩৫) ও আলগীরচর এলাকার মো. অপু (১৯)কে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বারিক জানান, গ্রেফতার ১২ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।








