ফাইল ছবি
অনলাইন ডেস্ক : নেত্রকোনার মদনে মানসিক ভারসাম্যহীন ছেলের দায়ের কোপে বৃদ্ধ বাবা আলাই মিয়া (৬৫) নিহত হয়েছেন। পুলিশ অভিযুক্ত ইয়াসিনকে (২০) আটক করেছে।
আজ ভোরে মদন উপজেলার পৌর এলাকার আশকিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ইয়াসিন নিহতের ৮ ছেলে ও এক মেয়ের মধ্যে সর্বকনিষ্ঠ। তিনি তিন থেকে চার বছর যাবৎ মানসিক রোগে ভুগছেন বলে জানায় পরিবার ও এলাকাবাসী।
পরিবার, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আলাই মিয়ার ছেলে ইয়াসিন দুদিন ধরে ভাত খাচ্ছিলেন না। ভোরে আলাই মিয়া ফজরের নামাজ আদায় করে ঘরে এসে চা তৈরি করছিলেন। এ সময় ছেলে ইয়াসিন ঘুম থেকে উঠে কলা খেতে বলেন। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ছেলে উত্তেজিত হয়ে বঁটি দিয়ে তার বাবার ঘাড়ের পেছন দিকে কোপ দেয়। পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় আলাই মিয়াকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ঘাতক ইয়াসিনকে আটক করে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন করিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ অভিযুক্ত ইয়াসিনকে আটক করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।








