শাহনাজ পারভীন মিতা :
শেষ বিকেলের কনে দেখা আলোয়
ধানখেতের আল বেয়ে,
যখন দাঁড়ালাম দিগন্তবিস্তৃত ফসলের মাঠে
দু-চোখ বুজলাম গভীর অনুভবে।
এই পথ ধরে হেঁটে গেছেন পিতা,পিতামহ
সেই পদচিহ্ন খেতের আল বেয়ে,
আমিও পায়ে পায়ে সেই পথে
ধীরে ,খুব ধীরে এক পা দু-পায়ে ।
কুয়াশায় ঢাকা মেঠো পথ,গোধূলি বিকেল
দূরে রসুনের খেত,হলুদ সরিষা,
মুগ্ধ দৃষ্টি অপার অনুভূতি মনের আয়নায়
যেখানে পূর্বপুরুষের পদচিহ্ন দেখা যায় ।
নতুন ধানের ম-ম গন্ধ মাঠ জুড়ে
তারই মাঝে নিস্তব্ধ দূর নিশ্বাস,
হুহু লিলুয়া বাতাস বয়ে যায়
কে যায় কে যায়!গোধূলি আলোয়।
সুদূর অতীত থেকে বর্তমান
সময় বয়ে চলে ,মানুষ আসে মানুষ যায়,
প্রিয়জন মিশে রয় এই মাটির বুকে
প্রজন্মের মাঝে বেঁচে থাকে জীবন আশ্বাস।
তাই বাড়াই হাত ভবিষ্যতের নীড়ে
যেখানে বেঁচে থাকব এই আমি,
রংবেরঙের স্বপ্ন ঘুড়ির সুতার বাঁধনে
মানুষ বেঁচে থাকে প্রজন্ম থেকে প্রজন্মে।








