ফাইল ছবি
অনলাইন ডেস্ক : ডেমরায় মাদক সেবনকে কেন্দ্র করে বিরোধের জেরে দেলোয়ার হোসেন (৫০) নামের এক রিকশাচালককে ইট দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রনি (২৫) নামের এক যুবককে স্থানীয় লোকজন আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
শুক্রবার ভোরে ডেমরার কামারগোপ ৪ নম্বর গেট মসজিদের পেছনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভোরে কামারগোপ এলাকায় মাদক সেবনকে কেন্দ্র করে দেলোয়ার ও রনির মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা রনিকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) শীতল কুমার বলেন, নিহত দেলোয়ারের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ছাড়াও আহত রনি পুলিশ হেফাজতে চিকিৎসাধীন।








