ফাইল ছবি
অনলাইন ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একটি আবাসিক হলের খেলার মাঠ সংস্কারে সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর) লঙ্ঘন এবং কোনো দরপত্র ছাড়া কাজ শুরু করার অভিযোগে তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার ড. এবিএম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এছাড়া জনসংযোগ কার্যালয়ের (ভারপ্রাপ্ত) পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত পৃথক এক সংবাদ বিজ্ঞপ্তিতে তদন্ত কার্যক্রম চলাকালে মাঠ সংস্কারের কাজ স্থগিত থাকবে বলে জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলসংলগ্ন খেলার মাঠ সংস্কারের কাজ ইতোমধ্যে স্থগিত করে অভিযোগের সত্যতা যাচাই করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মাহবুব কবিরকে সভাপতি, সমাজবিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা, দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেনকে সদস্য এবং প্রকৌশল অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আশিকুর রহমানকে সদস্যসচিব করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের আগামী ১৫ দিনের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে








