ঢাকা, আগস্ট ২৩, ২০২৬: গ্রামীণফোন, গ্রামীণ হেলথটেক লিমিটেড (জিএইচএল)-এর সাথে পার্টনারশিপের মাধ্যমে, গ্রামীণফোনের ডিস্ট্রিবিউশন হাউস ফিল্ড ফোর্স এবং গ্রামীণফোন সেন্টার (জিপিসি) এজেন্টদের জন্য ‘সুখী’ ডিজিটাল হেলথকেয়ার অ্যাপের মাধ্যমে ডিজিটাল স্বাস্থ্যসেবা চালু করেছে।
দেশজুড়ে গ্রাহকদের সেবা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ফ্রন্টলাইন টিমের স্বাস্থ্য ও সুস্থতায় সহায়তা করা গ্রামীণফোনের চলমান উদ্যোগগুলোর অংশ এই কার্যক্রম। একইসঙ্গে, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করে তোলার ক্ষেত্রে গ্রামীণফোনের বৃহত্তর অঙ্গীকারেরও প্রতিফলন এই উদ্যোগ।
এই উদ্যোগের আওতায় ডিস্ট্রিবিউশন হাউস ফিল্ড ফোর্স এবং জিপিসি এজেন্টরা ‘সুখী’ অ্যাপের মাধ্যমে সারা বছর ২৪ ঘণ্টা বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ গ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি, তারা চিকিৎসা পরামর্শের পর ডিজিটাল প্রেসক্রিপশন নিতে পারবেন। এছাড়াও হোম ল্যাব টেস্টে সর্বোচ্চ ৪০ শতাংশ এবং অনলাইনে ওষুধ কেনাকাটায় সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।
গ্রামীণফোনের হেড অব সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন মোহাম্মদ শরীফ মাহমুদ খান এবং গ্রামীণ হেলথটেক লিমিটেডের (জিএইচএল) চিফ বিজনেস অফিসার এবং চিফ টেকনোলজি অফিসার (সিবিটিও) মোহাম্মদ সোলায়মান রাসেল সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ফারহা নাজ জামান এবং চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম উপস্থিত ছিলেন। এছাড়া গ্রামীণ হেলথটেক লিমিটেডের (জিএইচএল) পক্ষে প্রতিষ্ঠানটির চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) ড. আহমদ আরমান সিদ্দিকী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালে জিএইচএলের সিবিটিও তাদের অ্যাপ, ওয়েব এবং আইভিআর কল সেন্টার চ্যানেলের মাধ্যমে ‘সুখী’র প্রাথমিক স্বাস্থ্যসেবার তাৎক্ষণিক ব্যবহার ও সুবিধা প্রদর্শন করেন।
গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ফারহা নাজ জামান বলেন, “আমাদের ডিস্ট্রিবিউশন হাউজ ফিল্ড ফোর্স এবং জিপিসি এজেন্টরা আমাদের ব্যবসার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং তারা প্রতিদিন আমাদের গ্রাহকদের সাথে নিবিড়ভাবে সংযুক্ত থাকেন। তাই তাদের স্বাস্থ্য ও সুস্থতা আমাদের জন্য একটি প্রধান অগ্রাধিকার। গ্রামীণ হেলথটেকের সাথে এই পার্টনারশিপের মাধ্যমে, আমরা তাদের জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও সুবিধাজনক করে তুলছি। আমরা বিশ্বাস করি ২৪/৭ ডাক্তারের পরামর্শ এবং অন্যান্য ডিজিটাল স্বাস্থ্যসেবা আমাদের ফ্রন্টলাইন টিমকে মূল্যবান সহায়তা প্রদান করবে।”
গ্রামীণ হেলথটেক লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার ড. আহমেদ আরমান সিদ্দিকী বলেন, “গ্রামীণফোনের ফিল্ড ফোর্স এবং জিপিসি এজেন্টদের কাছে ডিজিটাল স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গ্রামীণফোনের সঙ্গে পার্টনারশীপ করতে পেরে আমরা আনন্দিত। ‘সুখী’ প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহারকারীরা যেকোনো স্থান থেকে সহজেই স্বাস্থ্যসেবা সহায়তা নিতে পারবেন। এই উদ্যোগটি কীভাবে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য, সাশ্রয়ী ও সুবিধাজনক করা যায়, তার একটি উদাহরণ। আমরা আশা করি এটি সারা দেশে গ্রামীণফোনের গ্রাহকদের সেবা দেওয়া মানুষদের স্বাস্থ্য ও সুস্থতায় ইতিবাচক অবদান রাখবে।”








