ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : গণতান্ত্রিক উপায়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়েই দেশে গণতন্ত্রের আসল চর্চা ও বিকাশ ঘটেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। একই সঙ্গে দেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
শনিবার (২২ আগস্ট) বেলা ১১টায় বগুড়ার মোকামতলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ায় বিরোধী দলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে মীর শাহে আলম বলেন, সম্মান দেওয়ার মালিক একমাত্র মহান আল্লাহ। তিনি যেকোনো সময় যে কাউকে সম্মান দিতে পারেন, আবার যেকোনো সময় কারও কাছ থেকে সেই সম্মান ছিনিয়েও নিতে পারেন। তাই কোনো রাজনীতিবিদেরই অহংকার করা উচিত নয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী অহংকারহীন একজন সজ্জন রাজনীতিবিদ। তিনি অত্যন্ত সুন্দর ও দায়িত্বশীলভাবে দেশ পরিচালনা করছেন। মানুষের কল্যাণ এবং দেশের উন্নয়নই তাঁর রাজনীতির মূল লক্ষ্য।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ভিত্তিপ্রস্তর স্থাপন ও বক্তব্য প্রদান শেষে প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন এবং পরবর্তীতে মোকামতলা ইউনিয়ন জামে মসজিদ ও মোকামতলা খেলার মাঠের উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনে যান।








