ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : কক্সবাজার থেকে চট্টগ্রামের হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জিয়াবুল হককে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব সূত্রে জানা যায়, ১০ আগস্ট মধ্যরাতে কক্সবাজার জেলা সদরের হোটেল-মোটেল জোনে অবস্থিত ‘বাগান বাড়ি রেস্তোরাঁ’র সামনের এলাকায় র্যাব-১৫, কক্সবাজার এবং র্যাব-০৭, চট্টগ্রাম-এর একটি যৌথ আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মো. জিয়াবুল হক (৫০)-কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি জিয়াবুল হক (৫০) চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার আরেফিন নগরের (কেন্দ্রীয় কবরস্থানের পাশে) রহমত উল্ল্যাহর ছেলে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিএমপি চট্টগ্রাম বায়েজিদ বোস্তামী থানায় ২০০৯ সালে একটি হত্যা মামলা দায়ের করা হয়। উক্ত মামলায় বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে।
মামলায় সাজা ঘোষণার পর থেকেই আসামি জিয়াবুল হক আত্মগোপনে চলে যান। এরই প্রেক্ষিতে র্যাব-১৫ সদর ব্যাটালিয়ন এবং র্যাব-০৭ চট্টগ্রাম (সিপিএসসি)-এর চৌকস আভিযানিক দল আসামির অবস্থান নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে যৌথ অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, আইনের হাত থেকে বাঁচতে চট্টগ্রাম থেকে পালিয়ে কক্সবাজারের হোটেল-মোটেল জোন এলাকায় আত্মগোপন করে ছিল সে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।








