ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি ড. খলিলুর রহমান স্লোভাকিয়া, জর্জিয়া ও উত্তর মেসিডোনিয়ার শীর্ষ নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন। বৈঠকে তিনি আগামী সাধারণ পরিষদ অধিবেশনের অগ্রাধিকারমূলক বিষয়গুলো নিয়ে মতবিনিময় করেন।
বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও ইউএনজিএ’র বর্তমান সভাপতি ড. খলিলুর রহমান গতকাল মঙ্গলবার নিউইয়র্কে স্লোভাকিয়ার পররাষ্ট্র ও ইউরোপীয় বিষয়ক মন্ত্রী জুরাজ ব্লানার, জর্জিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী লাশা দারসালিয়া এবং উত্তর মেসিডোনিয়ার পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য বিষয়ক উপ-মন্ত্রী জোরান দিমিত্রোভস্কির সঙ্গে বৈঠক করেন।
বৈঠকগুলোতে নেতারা জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূল অগ্রাধিকারগুলো নিয়ে আলোচনা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।
নির্বাচিত সভাপতি একটি উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং সদস্য রাষ্ট্র-চালিত নেতৃত্বের প্রতি তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি পুরো অধিবেশন জুড়ে জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রের সঙ্গে নিবিড় যোগাযোগ ও ব্যাপক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরুর আগে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের সঙ্গে ড. খলিলুর রহমানের চলমান ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে এসব বৈঠক অনুষ্ঠিত হয়। সূএ: বাসস








