ফাইল ছবি
অনলাইন ডেস্ক : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে মো. কামরুল (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুই কৃষক আহত হয়েছেন।
আজ (২৯ জুন) বেলা ১১টার দিকে উপজেলার ১ নম্বর বুলাকীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড চন্ডিদাসপুর হরিপুর গ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন— মো. ইনসান আলীর ছেলে মো. নূরনবী ও মো. হায়দায় আলীর ছেলে মো. গোলজার রহমান।
স্থানীয় ইউপি সদস্য মো. ময়নুল ইসলাম জানান, সকালে কৃষিকাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই কামরুলের মৃত্যু হয়। এ সময় আহত হন আরও দুইজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। বর্তমানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
বজ্রপাতের সময় মাঠে কাজ না করার বিষয়ে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।








