ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ ফেলানি হলের প্রভোস্ট বডির পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন আবাসিক হলের নারী শিক্ষার্থীরা। পরে তারা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
রোববার (২১ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা হল থেকে বের হয়ে বিক্ষোভ মিছিল করেন এবং উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।
এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, হলের ডাইনিং অধিকাংশ সময় বন্ধ থাকে। প্রভোস্টের জন্য কোয়ার্টার বরাদ্দ থাকলেও তিনি হলে অবস্থান করেন না এবং শিক্ষার্থীদের কোনো অভিযোগ গুরুত্ব দিয়ে শোনেন না। মিল সংক্রান্ত সমস্যা নিয়ে কথা বললে তিনি ‘চিড়া-মুড়ি খেয়ে থাকতে’ বলেন বলেও অভিযোগ করেন তারা।
তাদের অভিযোগ, কোনো সমস্যার বিষয়ে প্রভোস্টের সঙ্গে যোগাযোগ করলে তিনি অফিসে যেতে বলেন। অফিসে গেলে ডাইনিংয়ে যোগাযোগ করতে বলা হয়, আবার ডাইনিংয়ে গেলে প্রভোস্টের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। এতে সমস্যার কোনো সমাধান না হয়ে শিক্ষার্থীদের বারবার এক স্থান থেকে আরেক স্থানে ঘুরতে হয়।
শিক্ষার্থীরা আরও বলেন, প্রভোস্ট নিজের ইচ্ছামতো নোটিশ দিয়ে দায়িত্ব শেষ করেন। হলের রিডিং রুমে পড়াশোনার উপযুক্ত পরিবেশ নেই। পাঁচতলা বিশিষ্ট এই হলে রিডিং রুমে মাত্র তিনটি বেঞ্চ রয়েছে। সেখানে মশা ও আবর্জনার কারণে বসার উপযোগী পরিবেশও নেই। এছাড়া বিদ্যুৎ ও পানির সমস্যাগুলোও দীর্ঘদিন ধরে অমীমাংসিত অবস্থায় রয়েছে।
এ বিষয়ে রুটিন উপাচার্য (রেজিস্ট্রার) অধ্যাপক ড. ফেরদৌস রহমান বলেন, মেয়েদের হলে কিছু সমস্যা রয়েছে। আমরা আগামীকাল (সোমবার) প্রশাসনিকভাবে হলটি পরিদর্শন করব এবং যেসব সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব, সেগুলো সমাধানের চেষ্টা করব। হিটার ও ডাইনিং একসঙ্গে চালানোর বিষয়ে কিছু জটিলতা রয়েছে, সেটিরও সমাধান করা হবে।
তিনি আরও বলেন, ২৪ ঘণ্টা হলে অবস্থান করবেন—এমন একজন প্রভোস্ট নিয়োগের বিষয়টি আমরা বিবেচনা করছি। আশা করি দ্রুতই এসব সমস্যার সমাধান হবে।








