ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : নেত্রকোনার কলমাকান্দায় শ্রমিক বাবুল মিয়া (৬৫) হত্যা মামলার অন্যতম আসামি হাবিবুর রহমান ভান্ডারীকে (৫০) গ্রেফতার করেছে র্যাব-১৪। গতকাল রবিবার ঢাকার দক্ষিণখান থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। আজ কলমাকান্দা থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।
এর আগে, গত ১৭ মে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বড়দল গ্রামে পাওনা টাকা চাইতে গিয়ে হত্যার শিকার হন শ্রমিক বাবুল মিয়া। পরদিন নিহতের ছেলে মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে চারজনকে আসামি করে কলমাকান্দা থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা গেছে, বাবুল মিয়া বড়দল গ্রামের হাবিবুর রহমান ভান্ডারির কাছে ধানকাটার টাকা পেতেন। এই টাকা বাবুলের ছেলে চাইতে গেলে পাওনাদারের ছেলের সঙ্গে বাগবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে ছেলেকে মারধর ও কুপিয়ে জখম করা হয়। ছেলের চিৎকারে বাবুল এগিয়ে গেলে অভিযুক্তরা তার ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে বাবুল আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় মামলার পর থেকেই আসামিরা দেশের বিভিন্ন স্থানে পলাতক আছেন।
মামলাটি র্যাব আমলে নিয়ে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। তারই অংশ হিসেবে ময়মনসিংহের একটি অভিযানিক দল ঢাকার উত্তরা দক্ষিণখান এলাকা থেকে আসামি হাবিবুর রহমানকে গ্রেফতার করে।








