ফাইল ছবি
অনলাইন ডেস্ক : কুমিল্লার চৌদ্দগ্রামে দুই গ্রামের কিশোর গ্যাংয়ের সংঘর্ষে হৃদয় (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১০ জুন) রাতে উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা পূর্ব বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই ইউনিয়নের শাকতলা ও ঘোষতল গ্রামের কয়েকজন কিশোরের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা হৃদয় ছুরিকাঘাতের শিকার হন।
প্রত্যক্ষদর্শী শাকতলা গ্রামের রাকিব বলেন, সন্ধ্যায় ধোড়করা পূর্ব বাজারে খুচরা দোকান থেকে তেল নিতে গিয়ে শাকতলা গ্রামের মৃত রতন মিয়ার ছেলে আসিফ ও একই গ্রামের নয়নের ছেলে বাদশার মোটরসাইকেলের সঙ্গে ঘোষতল গ্রামের প্রান্তের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটি হয়।
পরে প্রান্ত মোবাইল ফোনে খবর দিলে তিনটি মোটরসাইকেলে করে ঘোষতল গ্রামের রাজিব, রিফাত, পান্নাসহ ৫ থেকে ৬ জন যুবক ঘটনাস্থলে এসে বাজারের ওয়াসিমের গ্যারেজের সামনে শাকতলা গ্রামের কয়েকজনকে মারধর শুরু করে। এ সময় রাজিব নামে এক যুবক গ্যারেজের পাশে দাঁড়িয়ে থাকা হৃদয়ের পেটে ছুরি দিয়ে আঘাত করে বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা।
গুরুতর আহত অবস্থায় হৃদয়কে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। পরে সেখান থেকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. আকিব বলেন, ‘আহত যুবককে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন বলেন, ‘তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির জেরে একই ইউনিয়নের ঘোষতল ও শাকতলা গ্রামের কিশোরদের সংঘর্ষ হয়। এ সময় এক তরুণের নিহত হয়েছেন। তার শরীরে রক্তাক্ত জখম হয়।








