ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : যশোর শহরের শংকরপুর এলাকা থেকে একটি বিদেশি পিস্তলসহ শাহাদৎ হোসেন (৪১) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬।
শনিবার রাত সোয়া ৮টার দিকে শহরের শংকরপুর চোপদারপাড়া বারেক সড়ক এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে শংকরপুর চোপদারপাড়া বারেক সড়কে শাহাদৎ হোসেনের বাড়িতে অবৈধ অস্ত্র রাখা আছে। সে অনুযায়ী রাতে তার নেতৃত্বে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল ওই বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় শাহাদৎ হোসেনকে আটক করার পর তার বসতঘরের সামনে উল্টো করে রাখা একটি প্লাস্টিকের ব্যারেলের নিচ থেকে ভারতীয় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শাহাদৎ স্বীকার করেছেন যে উদ্ধারকৃত পিস্তলটি ভারত থেকে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে আনা হয়েছিল।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, শাহাদৎ হোসেন দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। শংকরপুর রেললাইনের পাশে তার একটি ওয়েল্ডিং কারখানা রয়েছে। ওই কারখানার আড়ালে গোপনে কোনো অস্ত্র তৈরি বা বেচাকেনা হয় কি না, সে বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় অস্ত্র আইনে নিয়মিত মামলার পর রাতেই তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।








