বাইজিদ আহাম্মেদ ,নরসিংদী প্রতিনিধি: :বাংলাদেশের মানুষের কল্যাণে, এ দেশের উন্নয়নের জন্য মানুষের কথা বলার অধিকার, ভোটের অধিকার আর হারিয়ে যেতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী ২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে পলাশ থানা বিএনপি ও ঘোড়াশাল পৌর বিএনপির আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এসময় মঈন খান বলেন, গণতন্ত্র এমন একটি শক্তি যে শক্তি মানুষের কল্যাণে কাজ করে, জনগণের অধিকার বাস্তবায়নে গণতন্ত্র অপরিসিম। বিএনপি জনগণের সেই অধিকার বাস্তবায়নে বিশ্বাস করে। দেশের জনগণ যে আস্থা আর বিশ্বাস নিয়ে বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে সেই আস্থা আর বিশ্বাসের প্রতিফলন এক মাসের মধ্যেই জনগণ পেতে শুরু করেছে।
পলাশ থানা বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, পলাশ থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, সি: যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, পলাশ থানা শ্রমিক দলের সভাপতি আল আমিন ভূইয়া, পলাশ থানা ছাত্রদলের আহবায়ক নাজমুল হোসেন সোহেলসহ বিভিন্ন নেতৃবৃন্দ।









