ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : মালদ্বীপে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আব্দুল আলীম (২৯) নামের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। সম্প্রতি দেশটিতে অগ্নিকাণ্ডে পাঁচ বাংলাদেশির মৃত্যুর ঘটনার পর নতুন করে এই মৃত্যুতে প্রবাসী মহলে শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বাংলাদেশ হাইকমিশন-এর কল্যাণ সহকারী আল মামুন পাঠান এ তথ্য নিশ্চিত করেন।
হাইকমিশন সূত্রে জানা যায়, মালে-এর ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে গত এক সপ্তাহ ধরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন আব্দুল আলীম। সোমবার (১৬ মার্চ) সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আব্দুল আলীম টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের বাসিন্দা। তিনি ২০১৮ সালে জীবিকার তাগিদে মালদ্বীপে যান এবং সেখানে একটি রেস্টুরেন্টে শেফ হিসেবে কর্মরত ছিলেন।
হাইকমিশন জানায়, মৃতের মরদেহ কোম্পানি ও তাদের সহযোগিতায় শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশে পাঠানো হচ্ছে। মরদেহ দেশে পৌঁছানোর পর বিমানবন্দর থেকে তা গ্রহণ করবেন তার ভগ্নীপতি মো. আলমগীর হোসেন।
পরিবারের সদস্যদের ভাষ্য, বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন আলীম। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছে তার পরিবার। এ অবস্থায় পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আর্থিক সহায়তার আবেদন জানানো হয়েছে। সূএ : বাংলাদেশ প্রতিদিন








