ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : খুলনা মহানগরীর খালিশপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৬।
রোববার রাত ২টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি অভিযানিক দল নগরীর খালিশপুর থানাধীন ই-২৬ হাউজিং এস্টেট এলাকার একটি চারতলা ভবনের চিলেকোঠায় অভিযান চালায়।
এ সময় আসামির শয়নকক্ষ থেকে ৭ হাজার তিনশত ৯০ পিস ইয়াবাসহ খন্দকার সিরাজুল ইসলাম সৌরভ (২২) নামে এক যুবককে আটক করা হয়।
গ্রেফতারকৃত সৌরভ খালিশপুর থানার বাসিন্দা এবং তার পিতার নাম খন্দকার সাইফুল ইসলাম।
র্যাব জানায়, অভিযানের সময় আসামির হেফাজত থেকে উদ্ধার হওয়া ৭৩৯০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটন পুলিশের খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত আছে।








