ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় (বালিকা) ভোটকেন্দ্রে ভুয়া পোলিং এজেন্ট সেজে অবস্থানের অভিযোগে যুবদল নেতা শাকিল মোল্লাকে আটক করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে গণনা শুরুর দিকে এই ঘটনা ঘটে।
কেন্দ্র সূত্র জানায়, শাকিল মোল্লা নিজেকে পোলিং এজেন্ট পরিচয় দিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করেন। ভোটগ্রহণ শেষ হওয়ার পর তিনি ভাইস প্রিন্সিপালের কক্ষে যান, যেখানে ভোটগণনার প্রস্তুতি চলছিল। এসময় তার পরিচয় নিয়ে সন্দেহ দেখা দিলে দায়িত্বরত সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন।
পরে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারা এবং সন্দেহজনক আচরণে তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। এরপর তাকে কেন্দ্রের ভেতর থেকেই নিয়ন্ত্রণে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি জানাজানি হলে কেন্দ্র এলাকায় কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়।
তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয় এবং ভোটগণনার কার্যক্রম অব্যাহত থাকে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
তবে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগণনা সম্পন্ন করতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।








